ডেস্ক রিপোর্ট: ভয়ঙ্কর হড়পা বানে বিপর্যস্ত হিমালয়ের দেশ নেপাল। বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা ভয়ঙ্কর হড়পা বান নেমে আসে। সামাজিক মাধ্যমে হড়পা বানের যে সব ভিডিও ভাইরাল হয়েছে, তা দেখে আতঙ্কে শিউড়ে উঠছেন নেটাগরিকেরা। প্রকৃতি রুদ্র রূপ ধারণ করলে তা কতটা ভয়ঙ্কর হতে পারে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নেপালের রাসুয়ায় ভোটেকাশী নদীতে হড়পা বান। হড়পা বান নেপালে হলেও ভারতে উৎকন্ঠায় দিন কাটছে বহু পরিবারের। ভোটেকাশী নদীতে হড়পা বানের পর থেকে খোঁজ নেই ১০৫ জন ভারতীয় পর্যটকের।
রাসুয়া জেলার যে জায়গা হড়পা বানে ভেসে গেছে, তা নেপাল-তিব্বত সীমান্তে। যে পথ দিয়ে কৈলাস-মানস সরোবর দর্শনে যেতে হয়, সেই পথেই বিপর্যয়। এখনও পর্যন্ত ২৯১ জন বিদেশি পর্যটক নিখোঁজের তালিকায় বলে নেপাল সরকারের তরফে জানানো হয়েছে। এদের মধ্যে ১০৫ জনই ভারতীয়। এঁরা কৈলাস-মানস সরোবর দর্শনের উদ্দেশে ঘর ছেড়েছিলেন। নিখোঁজ পর্যটকদের মধ্যে প্রবাসী ভারতীয় আছেন ৩৭ জন। মালয়েশীয় ১৭ জন। ব্রিটিশ নাগরিক ১২ জন। সাউথ আফ্রিকান ৪ জন। মার্কিন নাগরিক ৩ জন। অস্ট্রেলিয় ও ডাচ নাগরিক ১ জন করে। ৯৩ জন নেপালের মানুষেরও খোঁজ নেই, যাঁরা গাইড হিসেবে বিদেশি পর্যটকদের সঙ্গে ছিলেন। নিখোঁজ আরও ১১১ জন পর্যটকের পরিচয় নিশ্চিত করতে পারে নি নেপাল সরকার। সব মিলিয়ে নিখোঁজের সংখ্যা ৩৮৪। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৮ টা পর্যন্ত বন্যা ও ভূমিধস কবলিত এলাকাগুলি থেকে ১৫৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নেপাল পুলিশ জানিয়েছে।
নিখোঁজ ভারতীয় পর্যটকদের মধ্যে ৩২ জন কলকাতার বাসিন্দা। বিপর্যয়ের সকালেই তাঁদের নেপাল-তিব্বত সীমান্ত পেরোনোর কথা ছিল। নেপালে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ব্যাপারে তথ্য ও খোঁজ-খবর পেতে দুটি জরুরি টেলিফোন নম্বর দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। নম্বর দুটি হল— +977985136807 এবং +9779709107500। নেপালে আটকে পড়া ভারতীয় পর্যটকদের পরিবারের লোকেদের এই দুই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
নেপাল-তিব্বত সীমান্তে হড়পা বান বিপর্যয়ের পর ভারত এবং চিন দুই দেশেরই সাহায্য চেয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। বলেন্দ্র শাহের সঙ্গে ইতিমধ্যেই টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালের প্রধানমন্ত্রীকে সব রকমভাবে দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন মোদী। ভারতীয় বায়ুসেনার সি-১৭, সি-১৩০ ও সি-২৯৫ বিমান ইতিমধ্যেই ত্রাণসামগ্রী নিয়ে নেপালের মাটিতে অবতরণ করেছে। উদ্ধারকাজে সাহায্য করতে ভারত থেকে এক্সপার্ট টিম পাঠানো হয়েছে।
Feature image: collected.