আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগে আগুন লেগে মৃত্যু হল ১৫ টি সদ্যোজাতের। বুধবার ভোররাতে আচমকাই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ‘পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’ (PIMS)-এর প্রসূতি বিভাগের নার্সারি ওয়ার্ডে।
হাসপাতালের মুখপাত্র ড. আনিজা জলিল ডন সংবাদপত্রকে জানিয়েছেন, আগুন লাগার সময় ওয়ার্ডটিতে ১৬ জন সদ্যোজাত ছিল। তিনি বলেন, “তাদের মধ্যে মাত্র একজন শিশুর প্রাণরক্ষা করতে সক্ষম হন এক চিকিৎসক।” মৃতদের মধ্যে ১৪ জন সদ্যোজাতের দেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে!
পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মুস্তাফা কামাল সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, “মৃত শিশুদের অনেকেই ইনকিউবেটরে ছিল এবং ঘটনার সময় তাদের কয়েকজনকে অক্সিজেন দেওয়া হচ্ছিল।” অক্সিজেনের সিলিন্ডার আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করেছে বলে দাবি করেছেন তিনি।
‘পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’-এর তিন তলায় প্রসূতি বিভাগ।তার পাশেই সদ্যোজাতদের ওয়ার্ড। ওয়ার্ডের বাতানুকুল যন্ত্রের ‘কম্প্রেসার’ ফেটে আগুন অগ্নিকান্ড ঘটেছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। ইসলামাবাদের ‘চিফ কমিশনার’ সোহেল আশরাফ জানিয়েছেন, “সকাল ৭-টা নাগাদ হাসপাতাল থেকে পুলিশ ও দমকলের দফতরে জরুরি ফোন আসে। খবর পাওয়া মাত্রই পুলিশ, দমকল ও উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।”
প্রসূতি মায়েদের হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে নিরাপদে নিচে নামিয়ে আনেন উদ্ধারকারীরা। দমকলের ছ’টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পিমস-এর মুখপাত্র আনিসা জলিল জানিয়েছেন, “এসিতে শর্ট সার্কিটের জেরে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।” ঘটনার সময় হাসপাতালের তৃতীয় তলে মেরামত ও নির্মাণকাজ চলছিল বলেও জানা গেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ঘটনায় অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন। ঠিক কী কারণে হাসপাতালের শিশু ওয়ার্ডের বাতানুকুল যন্ত্রে বিস্ফারণ হল, তা খুঁজে বের করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে পাকিস্তান সরকার।
শেহবাজ শরিফ বলেন, “ফুলের মতো শিশুদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ক্ষতি অপূরণীয়। এর জন্য যারা দায়ী, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। অগ্নিকান্ডে নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জারদারি জানিয়েছেন, “এই প্রাণহানির ঘটনা হৃদয়বিদারক।”
AI generated feature image is representational.