মেদিনী কেন বিদীর্ণ হল না লজ্জায়?


মারমুখী ছাত্ররা রে রে করে দল বেঁধে ধাওয়া দিচ্ছে। প্রধান শিক্ষক প্রাণভয়ে পালাচ্ছেন। পালাতে গিয়ে প্রধান শিক্ষক মাটিতে লুটিয়ে পড়লেন। যেন উত্তেজিত জনতা পকেটমারকে মারতে ছুটছে। পকেটমার পালাচ্ছে। কী চমৎকার দৃশ্য! ১৫০ বছরের প্রাচীন জলপাইগুড়ি জিলা স্কুল। সেই স্কুলের হেডমাস্টারকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে পড়ুয়ারা। ঘটনার ভিডিয়ো ভাইরাল। এতক্ষণে সারা রাজ্য এমনকি সারাদেশ হয়তো সারা বিশ্বের লোক সেই দৃশ্য দেখে ফেলেছে। যে ভিডিয়ো দেখলে মানুষ হিসেবে মাথা লজ্জায় হেঁট হয়ে যায়, সেই ভিডিয়ো পেজে পোস্ট করা থেকে আমরা না হয় বিরত‌ই থাকলাম।

শিক্ষক দিবসের খাওয়াদাওয়া নিয়ে নাকি ছাত্রদের একাংশের মধ্যে অসন্তোষের সূত্রপাত। নেপথ্যে যেই কারণ‌ই থাকুক, তাতে প্রধান শিক্ষককে ফেলে বেধড়ক মারধরের ঘটনা ন্যায়সঙ্গত প্রমাণ করার চেষ্টাটাও অপরাধ। শিক্ষকের দিকে তর্জনি উঁচিয়ে ছাত্রের কথা বলাকে পর্যন্ত ধৃষ্টতা বলে মনে করা হয়, সেখানে শিক্ষককে চোরের মতো পিটিয়ে ছাত্ররা বড় গলায় সাফাই দিচ্ছে, এই দৃশ্য‌ও আমাদের দেখতে হচ্ছে! প্রধান শিক্ষক শাসন করতে গিয়ে ছাত্রের গায়ে হাত দিয়ে ফেললেও প্রধানশিক্ষককে কি পাল্টা মারা চলে

১৮৭৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জলপাইগুড়ি জিলা স্কুল জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী বিদ্যালয়। কত ছাত্র অন্তপ্রাণ মাস্টারমশাইয়ের পদরজ এই স্কুলের মাঠে, ঘাসে, ক্লাসঘরে, বারান্দায় মিশে আছে। কত কৃতী ছাত্র এখানে থেকে পাশ করে বেরিয়ে জীবনে সফল হয়েছে। বিদ্যালয়কে বলা হয় মানুষ গড়ার কারখানা। মানুষ গড়ার কারখানার এই হচ্ছে প্রোডাক্ট, যারা হেডমাস্টারকে মেরে তক্তা বানায়!

মঙ্গলবার জলপাইগুড়ি জিলা স্কুলে যে ন্যক্কারজনক ঘটনা ঘটে গেল, সেই ঘটনাকে ঘিরে অনেক প্রশ্ন উঠেছে। ওঠাটাই স্বাভাবিক। স্কুলের পরিবেশে কতটা পচন ধরলে ছাত্ররা হারে রে রে করতে করতে প্রধান শিক্ষককে মেরে রক্তাক্ত করতে পারে? একদিনে এই পচন ধরে নি। শিক্ষকরাও এর দায় এড়াতে পারেন না। অভিভাবকদের‌ও সন্তানদের কৃতকর্মের জবাব দিতে হবে। যে ছাত্ররা শিক্ষকের গায়ে হাত তুলতে পারে, তারা বাপের গায়েও হাত তুলতে পারে। চিনের মতো কঠোর রাষ্ট্র হলে এতক্ষণে এদের স্কুল থেকে ছাড়িয়ে এক বছরের জন্য শ্রমশিবিরে পাঠিয়ে দেওয়া হত চরিত্র শোধনের লক্ষ্যে। আমরা কী করব?

Image Disclaimer: This is an AI-generated illustrative image and does not represent an actual photograph of the incident.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nagariknewz.com