আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফু কুয়ক দ্বীপের কাছে একটি পর্যটকবোঝাই স্পিডবোট উল্টে মর্মান্তিক দুর্ঘটনা! নৌকাডুবিতে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। ২১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে ভিয়েতনামের এক মন্ত্রী জানিয়েছেন। শনিবার দুপুর একটা (স্থানীয় সময়) নাগাদ স্পিড বোটটি ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই তা উল্টে যায়। স্পিডবোটটি পর্যটকদের নিয়ে হন মাই রুট ন্গোয়াই থেকে আন থোই বন্দরের দিকে যাচ্ছিল। ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসন, কোস্ট গার্ড, নৌবাহিনী এবং উদ্ধারকারী দল যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান চালায়।
স্থানীয় প্রশাসনের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী যতটুকু জানা গিয়েছে, স্পিডবোটটি পর্যটকদের নিয়ে ফু কুয়কের কাছাকাছি হন মাই রুট ন্গোয়াই দ্বীপ থেকে ফিরে আসছিল। সে সময় সমুদ্রে প্রবল বাতাস ও উঁচু ঢেউয়ের মুখে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দ্বীপের উপকূল থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব খুব বেশি না হলেও সমুদ্র উত্তাল থাকায় কারণে উদ্ধারকারীদের পৌঁছাতে বেগ পেতে হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
নৌকাটিতে চারজন নাবিক সহ মোট ৩৬ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। নৌকাটিতে সওয়ার ৩২ জন পর্যটকের সবাই ভারতীয়। দুর্ঘটনার পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হলেও ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন যাত্রী উল্টে যাওয়া নৌকার ভিতরে আটকে পড়ায় তাঁদের জীবিত বের করে আনতে পারেন নি উদ্ধারকর্মীরা। জীবিত উদ্ধার হওয়া পর্যটকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পাওয়ার মাত্রই আশপাশের নৌযানগুলি উদ্ধারকাজে ছুটে যায়। পরে ভিয়েতনামের সীমান্তরক্ষী বাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড ও সরকারের উদ্ধারকারী ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছায়।
হ্যানয়ের ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। নিহত ও উদ্ধারকৃত পর্যটকদের পরিবারের সদস্যদের সাহায্য করতে হ্যানয় ও হো চি মিন সিটিতে জরুরি সহায়তা কেন্দ্র খুলেছে ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, সরকার তাঁদের সব ধরনের সহায়তা করার জন্য প্রস্তুত।
ফু কুয়ক দ্বীপ ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় সমুদ্র পর্যটনকেন্দ্র। এখানকার স্বচ্ছ নীল জল, সাদা বালুর তটভূমি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে। ছোট ছোট অনেক দ্বীপ রয়েছে। এক দ্বীপ থেকে আরেক দ্বীপে স্পিডবোটে চড়ে ভ্রমণের মজাই আলাদা। তবে খারাপ আবহাওয়ায় এই সমুদ্রপথে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঠিক এক বছর আগে ২০২৫-এর জুলাই মাসেও ভিয়েতনামের হা লং উপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি পর্যটকবোঝাই নৌকা ডুবে গেলে শিশু ও নারী সহ ৩৮ জনের মৃত্যু হয়েছিল।
Feature image: collected from X handle.