ডেস্ক রিপোর্ট: উত্তরাখন্ডে নদীতে বাস পড়ে ৮ যাত্রীর মৃত্যু! হৃষীকেশ-বদ্রীনাথ হাইওয়ে দিয়ে যাওয়ার সময় মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ তেহরি-গাড়োয়াল জেলার গুলার বাজারের কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। গুলার সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাসটি।
দুর্ঘনাগ্রস্ত বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিলেন বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে। বাসটি হরিদ্বার থেকে চামোলির দিকে যাচ্ছিল। সেতু থেকে প্রায় ১০০ মিটার নীচে গভীর খাদে পড়ায় বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে তদারকি শুরু করেন টিহরী গঢ়বালের জেলাশাসক নিতিকা খন্ডেলবল। জেলার সিনিয়র পুলিশ সুপার শ্বেতা চৌবে সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরাও দুর্ঘটনাস্থলে ছুটে যান। স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)-এর সদস্যরা বিধ্বস্ত বাসটির ভেতর থেকে ২৬ জন যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
আহত বাসযাত্রীদের মধ্যে উত্তরাখন্ড ছাড়াও ঝাড়খন্ড, বিহার, অসম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের বাসিন্দারা রয়েছেন বলে তেহরি-গাড়োয়ালের জেলা বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক ব্রিজেশ ভাট জানিয়েছেন।
উত্তরাখন্ডের তেহরি-গাড়োয়াল জেলায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে দুর্ঘটনাটির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী লিখেছেন, “উত্তরাখণ্ডের তেহরি-গাড়োয়াল জেলায় দুর্ঘটনায় প্রাণহানির খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত। এই শোকের মুহূর্তে নিহতদের পরিবার-পরিজনদের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
Feature image: NNDC.