ডেস্ক রিপোর্ট: দেশের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ। বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ৩০ জুন বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন লে. জেনারেল ধীরজ শেঠ। শনিবার প্রতিরক্ষা মন্ত্রক এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, লে. জেনারেল ধীরজকে দেশের পরবর্তী চিফ অফ আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ। ২০২৮ সালের ৩১ অগস্ট পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি।
গৌরবময় কর্মজীবন
লেফটেন্যান্ট জেনারেল ধীরজের রয়েছে একটি গৌরবময় কর্মজীবন। পুণের খড়কওয়াসলার ‘ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি’ (এনডিএ)-র প্রাক্তনী ধীরজ ১৯৮৬ সালে সেনাবাহিনীর ‘আর্মার্ড কোর’-এর ট্যাঙ্ক রেজিমেন্টে অফিসার হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ভাইস চিফ অফ আর্মি স্টাফ। তার আগে সাউদার্ন কমান্ডের ‘জিওসি-ইন-সি’র দায়িত্ব সামলেছেন লে. জেনারেল ধীরজ। সাউথ ওয়েস্টার্ন কমান্ডের নেতৃত্বও দিয়েছিলেন তিনি। অ্যাঙ্গোলায় রাষ্ট্রপুঞ্জের (UN) শান্তিরক্ষা মিশনে অপারেশনস অফিসার ছিলেন ধীরজ।

দেশের সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট ‘সুদর্শন চক্র কোর’-এর কমান্ড করেছেন দেশের হবু সেনাপ্রধান। কাশ্মীরে পাক মদতপুষ্ট জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। কাশ্মীরে সেনার কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সকেও নেতৃত্ব দিয়েছেন লে. জেনারেল ধীরজ শেঠ। দীর্ঘ কর্মজীবনে বাহিনীতে তাঁর নানা অবদানকে স্বীকৃতি জানিয়েছে দেশ। ২০২২ সালে পেয়েছেন ‘অতি বিশিষ্ট সেবা পদক’। ২০২৫-য়ে তিনি লাভ করেছেন ‘পরম বিশিষ্ট সেবা পদক’। ২০২৬ সালে ‘উত্তম যুদ্ধ সেবা পদক’ গ্রহণ করেন লে. জেনারেল ধীরজ শেঠ।
সেনার আধুনিকীকরণে নিবেদিত জেনারেল
বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনাবাহিনীকে আধুনিকীকরণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ। সেনাবাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে নজর রয়েছে তাঁর। দেশের সেনাবাহিনীকে সমর প্রযুক্তিতে দ্রুত আত্মনির্ভর করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। ঠিক এই সময়েই লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠের মতো দূরদর্শী, দক্ষ ও আধুনিক সমরশাস্ত্রে কুশলী সেনানায়ককে ‘চিফ অফ আর্মি স্টাফ’ হিসেবে বেছে নিলেন রাষ্ট্রপতি।
‘ভিশন ২০৪৭’-এ দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্ভেদ্য ও আধুনিকতম করার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে চলেছে রাষ্ট্র। ‘ভিশন ২০৪৭’-এর মিশন সফল করতে সেনাপ্রধান হিসেবে নিজের ভূমিকা পালন করার জন্য প্রস্তুত লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ।
Feature image: collected.