পড়ে গিয়ে আহত প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য! শংকরের ফোন থেকে খোঁজ নিলেন শুভেন্দু

পড়ে গিয়ে আহত প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য! শংকরের ফোন থেকে খোঁজ নিলেন শুভেন্দু


শিলিগুড়ির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শংকর ঘোষের রাজনৈতিক গুরু অশোক ভট্টাচার্য। শিবির বদলে শংকর এখন রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের একজন। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় পৃর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এক সময়ের ডিঅয়াইএফ‌আই-এর ডাকাবুকো নেতা। মন্ত্রীদের মধ্যে এখনও দফতর বন্টন করেন নি মুখ্যমন্ত্রী। শোনা যাচ্ছে, শুভেন্দুর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ কোনও মন্ত্রকের দায়িত্ব‌ই পেতে চলেছেন শংকর। গুরুর দল বদলালেও গুরুর প্রতি শ্রদ্ধা-সম্মান এক বিন্দুও কমে নি শংকর ঘোষের। অশোক ভট্টাচার্য পড়ে গিয়ে গুরুতর আহত- এই খবর জানার পর থেকেই উদ্বিগ্ন শংকর। রাতে কলকাতা থেকেই ফোনে অশোকবাবুর অবস্থা ও চিকিৎসার খোঁজ নিয়েছেন তিনি।

প্রাক্তন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অশোক ভট্টাচার্য পড়ে গিয়ে আহত। হাসপাতালে ভর্তি প্রবীণ বামনেতার সঙ্গে কথা বলছেনমন্ত্রী শংকর ঘোষ। সংগৃহীত ফটো

মন্ত্রী হ‌ওয়ার পর রবিবার প্রথমবারের মতো নিজের শহরে পা রাখলেন শিলিগুড়ির বিধায়ক। দার্জিলিং মেল থেকে নেমেই অশোক ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে পৌঁছে যান শংকর ঘোষ। অশোকবাবুর সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে রোগীর সর্বশেষ অবস্থা সম্পর্কে জানেন। শংকর ঘোষের ফোন থেকেই অশোক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শয্যাশায়ী অশোক ভট্টাচার্যের মুখের কাছে হ্যান্ডসেটটি ধরেন শংকর। কল স্পিকার মোডে করে দেন। কিছুক্ষণ অশোক ও শুভেন্দুর মধ্যে কথাবার্তা চলে।

অশোকবাবুর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হ‌ওয়ায় শুভেন্দুকেও শুভেচ্ছা জানান প্রবীণ সিপিএম নেতা। চলতি মাসের ১৬ অথবা ১৭ তারিখ কার্শিয়াং সফরে আসার কথা মুখ্যমন্ত্রীর। সে সময় দেখা করতে আসবেন বলে অশোকবাবুকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় শিলিগুড়িতে নিজের বাসায় টেবিলে বসে লিখছিলেন অশোক ভট্টাচার্য। চেয়ার থেকে আচমকাই পড়ে যান। মেঝেতে পড়ে গিয়ে মাথায় চোট পান ৭৭ বছরের প্রবীণ নেতা। রক্তাক্ত অবস্থায় তাঁকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান আত্মীয়রা। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন শিলিগুড়ি সিপিএমের নেতারা। খবরটি শুনে উদ্বেগ প্রকাশ করেন বিজেপি সহ অন্য দলের নেতারাও। সিপিএম করলেও সব দলের নেতাদের সঙ্গে অশোক ভট্টাচার্যের সুসম্পর্ক। দলমত নির্বিশেষে সকলেই অশোকবাবুকে শ্রদ্ধা করেন।

নিবিড় পর্যবেক্ষণে থাকলেও অশোক ভট্টাচার্যের বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল ও বিপন্মুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

Feature graphic: NNDC.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nagariknewz.com