এশিয়ান গেমস: কবাডিতে জোড়া সোনা ভারতের! ভারতের ছেলে-মেয়ে, দু’দলের কাছেই হারল ইরান


মেয়েদের কবাডিতে ম্যাচে আধিপত্য ধরে রেখে জিতল ভারত

শনিবার এশিয়ান গেমসে ভারতের জন্য দিনের প্রথম বড় লড়াই ছিল মহিলাদের কবাডি ফাইনাল। ভারতের সামনে ছিল সেই ইরান, যে দল ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ভারতকে হারিয়ে মহিলাদের কবাডিতে সোনা জিতেছিল। সেটিই ছিল এশিয়ান গেমসে মহিলাদের কবাডি ফাইনালে ভারতের একমাত্র পরাজয়। তাই আইচি-নাগোয়ায় এই ফাইনালের আলাদা একটা গুরুত্ব ছিল। ভারত শুরু থেকেই ম্যাচের উপর নিয়ন্ত্রণ কায়েম করে। প্রথমার্ধ শেষে ভারত এগিয়ে ছিল ২২–১৬। দ্বিতীয়ার্ধে ইরান লড়াইয়ে ফেরার চেষ্টা করে এবং ব্যবধান কমিয়ে আনে। কিন্তু শেষ পর্যন্ত প্রথমার্ধে তৈরি করা ভারতীয় লিডই পার্থক্য গড়ে দেয়। ভারত জেতে ৩৭–৩৪।

এশিয়াডের ফাইনালে আগ্রাসী মেজাজে ভারতের কবাডি দলের মেয়েরা। ইরানের এক খেলোয়াড় ভারতের ব্যূহে আটকা পড়েছে। ফটো: এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত।

এই জয়ের ফলে মহিলাদের কবাডিতে এশিয়ান গেমসে ভারতের সোনার সংখ্যা দাঁড়াল চার। ২০১০ সালে গুয়াংঝুতে মহিলাদের কবাডি এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হওয়ার পর ভারত প্রথম সোনা জেতে। এরপর ২০১৪ ইনচনে ফের সোনা। ২০১৮ জাকার্তায় ইরানের কাছে হেরে রুপো পেলেও ২০২২ হাংঝৌয়ে ভারত আবার সোনা জেতে। আইচি-নাগোয়ায় সেই সাফল্যের পুনরাবৃত্তি করে ভারত পেল চতুর্থ সোনা।

পুরো টুর্নামেন্টেই ভারতীয় মহিলা দল ছিল অপরাজিত। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪২–২১ ব্যবধানে হারায় ভারত। এরপর ইরানকে হারায় ৩৭–২৩ এবং জাপানকে ৫০–২৫। সেমিফাইনালে ভারতের সামনে ছিল নেপাল। সেখানেও বড় ব্যবধানে জয়—৪৮–২৪। ফলে ফাইনালে পৌঁছে যায় ভারত। এরপর ফাইনালে ইরানকে হারিয়ে টানা দ্বিতীয় এশিয়ান গেমসে মহিলাদের কবাডিতে সোনা ধরে রাখল ভারত।

ছেলেদের কবাডিতে ভারতের কাছে লড়ে হারল ইরান

মহিলাদের সাফল্যের কয়েক ঘণ্টা পরই টোকাই সিটিজেন্স জিমনেজিয়ামে শুরু হয় পুরুষদের ফাইনাল। প্রতিপক্ষ সেই ইরান। ভারতের পুরুষ কবাডি দলের জন্যও এটি ছিল খেতাব ধরে রাখার লড়াই। ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দল সোনা হারিয়ে ব্রোঞ্জে নেমে গিয়েছিল। তবে ২০২২ হাংঝৌয়ে আবার সোনা ফিরে আসে। আইচি-নাগোয়ায় সেই খেতাব ধরে রাখল ভারত।

ফাইনালে যে লড়াই কঠিন হবে, সেই প্রস্তুতি নিয়েই কোর্টে নেমেছিল ভারত। ছেলেদের কবাডিতে ইরান বরাবর‌ই শক্ত প্রতিপক্ষ এবং ভারতকে বেগ দেয়। ফাইনালে খেলার শুরু থেকেই বেশ আগ্রাসী মেজাজে ঝাঁপিয়ে পড়েন ইরানের ছেলেরা। প্রথমার্ধে সমানে সমানে লড়েও ইরানকে পর্যুদস্ত করতে পারে নি ভারতের খেলোয়াড়েরা। ভারতের রক্ষণ বেশ নড়বড়ে দেখাচ্ছিল।‌ শেষ পর্যন্ত ১৭-১৮ পয়েন্টে পিছিয়ে থেকে প্রথমার্ধে কোর্ট ছাড়ে ভারত।

এশিয়ান গেমসের ফাইনালে ইরানের এক খেলোয়াড়কে চেপে ধরেছেন ভারতের কবাডি দলের ছেলেরা। ফটো: সংগৃহীত।

ম্যাচের দ্বিতীয়ার্ধে সব দুর্বলতা ঝেড়ে ফেলে ইরানকে চেপে ধরে ভারতের ছেলেরা। ভারত পাল্টা আগ্রাসী কাবাডি খেলতে শুরু করায় ইরানের খেলোয়াড়েরাআর আগের ফর্মে ফিরতে পারেন নি। ম্যাচের শুরু থেকেই লিড নিয়ে নেয় ভারতীয় দল। লিডের ব্যবধান বাড়তে থাকে খেলার বয়স বাড়ার সাথে সাথে। ইরানকে এক পর্যায়ে অলআউট‌ও করে দেয় ভারত। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে ২৩-১৬ ব্যবধানে ইরানকে হারিয়ে দেয় ভারত। খেলার দুই অর্ধ মিলিয়ে ভারত ও ইরানের মধ্যে পয়েন্টের ব্যবধান দাঁড়ায় ৩৯-৩৫।

এই জয়ের ফলে এশিয়ান গেমসে পুরুষদের কবাডিতে ভারতের সোনার সংখ্যা হল নয়। ১৯৯০ থেকে ২০২৬ পর্যন্ত পুরুষদের ১০টি আসরের মধ্যে ভারত ন’বার সোনা জিতল। একমাত্র ব্যতিক্রম ২০১৮ সালের জাকার্তা গেমস, যখন ভারত ব্রোঞ্জ পেয়েছিল।

এশিয়াডে কবাডিতে ভারতের সামনে খাপ খোলা শক্ত

এশিয়ান গেমসে কবাডি ভারতের অন্যতম শক্তিশালী ইভেন্ট। পুরুষদের কবাডি ১৯৯০ সালে এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হয় এবং মহিলাদের ইভেন্ট শুরু হয় ২০১০ সালে। ২০২৬-এর আগে পর্যন্ত মোট ১৩টি কবাডি সোনার মধ্যে ভারত জিতেছিল ১১টি—পুরুষদের আটটি এবং মহিলাদের তিনটি।

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ইরানকে হারিয়ে সোনা জয়ের পর ভারতীয় পুরুষ কবাডি দল। ফটো: এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত।

আইচি-নাগোয়ায় আরও দুই সোনা যোগ হওয়ায় ভারতীয় কবাডির সেই রেকর্ড আরও সমৃদ্ধ হল।

এশিয়ান গেমসে কবাডিতে ভারতের সাফল্য

বিভাগ২০২৬-এর আগে সোনা২০২৬মোট
পুরুষ৮🥇 ১৯
মহিলা৩🥇 ১৪
মোট১১২১৩

মহিলাদের ক্ষেত্রে ২০১৮-র রুপো বাদ দিলে ভারত বাকি সব আসরেই সোনা জিতেছে। পুরুষদের ক্ষেত্রেও ২০১৮-র ব্রোঞ্জই একমাত্র ব্যতিক্রম।

শনিবার জোড়া সোনা জয়ে তৈরি হল নতুন ইতিহাস

আইচি-নাগোয়ায় শনিবার (২৬ সেপ্টেম্বর) ভারতীয় কবাডির ইতিহাসে বিশেষ একটি দিন হয়ে থাকল। একই দিনে দু’টি ফাইনাল, দুই ক্ষেত্রেই প্রতিপক্ষ ইরান, আর দুই ক্ষেত্রেই শেষ হাসি ভারতীয় দলের। মহিলারা সকালে কঠিন লড়াইয়ে ৩৭–৩৪ জিতে দিনের সূচনা করেন। পুরুষরা বিকেলে ৩৯–৩৫ জিতে সেই সাফল্য পূর্ণতা দেন।

Feature image: collected.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nagariknewz.com