ডেস্ক রিপোর্ট: ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বাংলায় সব মিলিয়ে ১৯টি কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দ্বিতীয় তথা শেষ দফায় রাজ্যের ১৪২টি আসনে ভোটগ্রহণ। সোমবার প্রচারের শেষ দিনে ব্যারাকপুরে সভায় ভাষণ দিয়েছেন মোদী। প্রচার শেষে সিকিমের রাজধানী গ্যাংটকে রওনা দেওয়ার আগে রাজ্যবাসীর উদ্দেশে অডিয়োবার্তা দিলেন প্রধানমন্ত্রী। অডিয়োবার্তায় বাংলায় তাঁর ভোটপ্রচারকে তীর্থযাত্রার সঙ্গে তুলনা করেন মোদী।
মোদী বলেন, “বাংলায় এই নির্বাচনী প্রচার অভিযানে বিন্দুমাত্র ক্লান্তি অনুভব করি নি আমি। আমি অনুভব করতাম আমার এক তীর্থযাত্রা হচ্ছে। আমি যখন মাকালীর ভক্তদের মাঝে যেতাম, তখন সম্ভবত মা কালী নিজেই আমাকে নতুন শক্তিতে পরিপূর্ণ করে দিচ্ছিলেন।” প্রথম দফার ভোট ইতিহাস রচনা করেছে বলে দাবি করে মোদী পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে বলেন, “আগামী ২৯ এপ্রিল আপনারা বেশি সংখ্যায় ভোটদান করুন। গণতন্ত্রের মন্দিরে বিজয়পতাকা ওড়ানোর এক অসাধারণ সুযোগ আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে।”
সোমবার ভোটের শেষ প্রচারে ব্যারাকপুরে সভায় যাওয়ার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংগৃহীত ফটো
অডিয়োবার্তায় প্রধানমন্ত্রী বলেন,”বাংলার যুবসমাজ এগিয়ে যাওয়ার জন্য উন্মুক্ত প্রাঙ্গণ চায়। বাংলার নাগরিক সুরক্ষা চায়। এ বার পরিবর্তন করেই ছাড়তে হবে।” বাংলার মানুষকে তৃণমূল ভয় দেখিয়ে দাবিয়ে রাখতে চায়, এই দাবি করে মোদী বলেন, “অনেক ভয় দেখিয়েছে। এখন আর ভয় নেই, ভরসা চাই। বাংলাকে সুরক্ষিত রাখা আমার পরম দায়িত্ব।”
অডিয়োবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “অযোধ্যায় রামলালার মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার আগে ব্রত পালনের সময় প্রভু রামচন্দ্র আমাকে বিপুল শক্তি দিয়েছিলেন। এ বার বাংলার জনগণের মুখোমুখি হয়ে আমি সেই একই শক্তি লাভ করেছি।” নরেন্দ্র মোদী বলেন,”পশ্চিমবঙ্গে এ বার পরিবর্তন হবেই।” ৪ মে ভোটগণনা শেষে আবার বাংলায় আসার ব্যাপারে দৃঢ় আশাবাদী মোদী। রাজ্যের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ সমারোহে অংশ নিতে তিনি আসবেন- অডিয়োবার্তায় জানান প্রধানমন্ত্রী।
পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অডিয়োবার্তা ও তার এআই জেনারেটেড অনুবাদ শুনুন- 👇