মোদীকে নিশানা করতে শেষে ইতালি থেকে নেতা ভাড়া করতে হল রাহুলকে!


হায়াদ্রাবাদে ‘ভারত সম্মেলন’-এর উদ্যোক্তা ছিল তেলেঙ্গানার কংগ্রেস শাসিত রাজ্য সরকার। এই ধরণের আন্তর্জাতিক সম্মেলনে বিদেশিদের অতিথি হিসেবে আমন্ত্রণ করার রেওয়াজ আছে। কিন্তু বিদেশি অতিথি যদি রাজনৈতিক ভাষণ কিম্বা রাজনৈতিক স্লোগান দিয়ে বসেন, তবে বিতর্ক অবশ্যম্ভাবী। ইতালির নাগরিক গিয়াকোমো ফিলিবেক ‘পার্টি অফ ইউরোপিয় সোশ্যালিস্ট’-এর সাধারণ সম্পাদক। শনিবার ‘ভারত সম্মেলন’-এ বক্তৃতা করার সময় ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান দিয়ে বসেন ফিলিবেক। দর্শক আসনে তখন রাহুল গান্ধী, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সহ দেশ-বিদেশের আর‌ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

তেলেঙ্গানা সরকার আয়োজিত ভারত সম্মেলনে বক্তব্য রাখছেন ইতালিয় রাজনীতিবিদ গিয়াকোমো ফিলিবেক। সম্মেলনে ফিলিবেকের ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান বিতর্কের জন্ম দিয়েছে। সংগৃহীত ফটো।

ইতালিয় গিয়াকোমো ফিলিবেক যখন ‘ভোট চোর, গদি ছোড়’ বলে স্লোগান দিচ্ছিলেন, তখন হাসি হাসি মুখে তা এনজয় করছিলেন রাহুল। শুধু স্লোগানেই থেমে না থেকে ওই সম্মেলনে দাঁড়িয়ে রাহুল গান্ধীর হয়ে রীতিমতো ব্যাটিং করেন ফিলিবেক। ফিলিবেক বলেন, “রাহুল গান্ধী যে সহজ নীতির কথা বলেছেন, তার উপরেই গণতন্ত্র দাঁড়িয়ে আছে। তা হল, ‘এক ব্যক্তি, এক ভোট’। স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে রাহুলের প্রচার এবং দুই সপ্তাহ আগে রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের জমায়েত আমাদের মনে করিয়ে দেয় যে, গণতন্ত্র এমনি এমনি আসে না।”

বিজেপি এখন‌ বলতেই পারে, দেশের মানুষের উপর ভরসা রাখতে না পেরে রাহুল শেষে বিদেশ থেকে দালালদের ভাড়া করে এনেছেন, যারা তাঁকে ভোটে জিতিয়ে দেবে! রাহুল গান্ধী কি ভেবেছেন, ফিলিবেকের মতো বিদেশি রাজনীতিক ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান দিয়ে কোন‌ও সভায় দুটো হাততালি কুড়োলেই দেশের মানুষ তাতে আমোদিত হয়ে মোদীকে ধরাশায়ী করে ফেলবে? রাহুল যেন মনে রাখেন, ২০০৪-এ কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ ভোটে জেতার পরেও তাঁর মা ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন নি তিনি বিদেশিনী বলে। ভারতের জনগণ দেশের রাজনৈতিক ব্যাপারে বিদেশিদের হস্তক্ষেপের প্রশ্নে বরাবর‌ই ভীষণ স্পর্শকাতর।

ভারত সম্মেলনে ফিলিবেক যখন ‘ভোট চোর, গদি ছোড়’ বলছিলেন, তখন দর্শক আসনে বসে হাসছিলেন রাহুল গান্ধী। ছবি: এন‌এনডিসি।

সিইসি জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধীদের চলতি আন্দোলনের পিছনে বিদেশী শক্তির মদত ও ফান্ডিং আছে বলে আগেই হাওয়া তুলে দিয়েছে সংঘ পরিবার। হায়দ্রাবাদে তেলেঙ্গানার কংগ্রেস সরকার আয়োজিত সম্মেলনে ইতালিয় গিয়াকোমো ফিলিবেকের বিতর্কিত ভাষণের পর বিদেশি কাঁটায় বিরোধীদের বিদ্ধ করতে বিজেপির আর‌ও সুবিধাই হল বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের নাক গলানোর সুযোগ করে দিচ্ছে— ফিলিবেকের মুখে ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগানের প্রতিক্রিয়ায় রবিবার এই মন্তব্য করেছিল বিজেপি। এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও এলো কঠিন প্রতিক্রিয়া।

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে ইতালির রাজনীতিক গিয়াকোমো ফিলিবেক ভিসা নীতি লঙ্ঘন করেছেন বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। কনফারেন্স ভিসায় ভারতে এসেছিলেন ফিলিবেক। কোন‌ও বিদেশি নাগরিক ভারতে অনুষ্ঠেয় বিশেষ কোন‌ও কনফারেন্সে যোগ দেওয়ার উদ্দেশে এ দেশে আসতে চাইলে তাঁকে কনফারেন্স ভিসা মঞ্জুর করে ভারতের বিদেশ‌ মন্ত্রক। বিদেশি নাগরিকদের যে কোন‌ও ধরণের ভারতীয় ভিসা প্রদানের ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার শর্ত থাকে। হায়দ্রাবাদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে গিয়াকোমো ফিলিবেক ভিসার শর্ত ভেঙেছেন‌ বলে অভিযোগ উঠেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “দেশ-বিদেশ থেকে বামপন্থীদের আমন্ত্রণ জানিয়েছিল কংগ্রেস। কংগ্রেসের রাজপুত্র‌ও সেখানে উপস্থিত ছিলেন। তারা এর নাম দিয়েছে ‘ভারত সম্মেলন’। অথচ রাহুল গান্ধী একটা আন্তর্জাতিক সম্মেলনে ভারত বিরোধী মতামত প্রকাশ করার ব্যবস্থা করে দিয়ে গোটা বিশ্বের কাছে ভারতের বদনাম করে দিলেন।” সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজেজু রাহুলকে বিদ্রূপ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “কোন‌ও বিদেশি যখন ভারতকে অপমান করে, তখন কাউকে হাসতে দেখেছেন কি?” কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সঞ্জয় কুমারের অভিযোগের তির তেলেঙ্গানার কংগ্রেস শাসিত রাজ্য সরকারের দিকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “তেলেঙ্গানার কংগ্রেস সরকার বিদেশি নেতাদের আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার মঞ্চ বানিয়ে দিয়ে প্রমাণ করেছে শনিবারের সম্মেলনটি ছিল আসলে ‘ভারত বিরোধী সম্মেলন’।”

ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোয় ফিলিবেকের সমালোচনা করেছেন ইতালির শাসকদল ‘ফোরজা ইতালিয়া’-র মুখপাত্র ডেবোরা বারগামিনি।ফটো: সংগৃহীত।

ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে একজন ইতালিয় রাজনীতিকের তির্যক মন্তব্যকে ভাল নজরে দেখছে না ইতালি সরকার‌ও। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দলের নাম ‘ফোরজা ইতালিয়া’। গিয়াকোমো ফিলিবেকের মন্তব্যের নিন্দা জানিয়ে ইতালির শাসকদলের মুখপাত্র ডেবোরা বারগামিনি বলেছেন, “যে দেশ ৯৭ কোটি নাগরিককে ভোটাধিকার প্রদানের সুযোগ করে দেয়, সেই দেশের গণতন্ত্র নিয়ে বাইরের কার‌ও কোন‌ও পাঠ দিতে যাওয়াই উচিত নয়।”

মোট কথা, ইতালিয় গিয়াকোমো ফিলিবেকের মোদী বিরোধী বক্তব্যে রাহুল গদগদ হলেও ইতালি সরকার অস্বস্তিতে। ফিলিবেক বন্ধুদেশ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে অনাকাঙ্খিত নাক গলানোয় ইতালি সরকার বিরক্ত। মোদীকে নিশানা করতে ইতালি থেকে নেতা ভাড়া করে এনে সোনিয়াপুত্রের রাজনৈতিক লাভ তো কিছু হল‌ই না, উল্টে বিজেপির হাতে অস্ত্র তুলে দিলেন রাহুল।

Feature graphic is representational and AI designed.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nagariknewz.com