স্পোর্টস ডেস্ক: কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম সোনার মুখ দেখালেন সেই মীরাবাই চানুই। গেমসের চতুর্থ দিনে ৪৮ কেজি বিভাগে সবার থেকে সেরা পারফরম্যান্স করে দেশকে সোনা এনে দিলেন ৩১ বছরের এই মহিলা ভারোত্তোলক। কমনওয়েলথ গেমসে পর পর টানা তিনবার সোনা জয়ের রেকর্ড গড়লেন চানু।
এ দিন প্রতিযোগিতার শুরু থেকেই আত্মবিশ্বাসী দেখাচ্ছিল মীরাবাই চানুকে। স্ন্যাচ বিভাগে নিখুঁত লিফটের মাধ্যমে বাকি প্রতিযোগীদের ছাপিয়ে এগিয়ে যান তিনি। এরপর ক্লিন অ্যান্ড জার্কেও নিজের অভিজ্ঞতা ও দক্ষতার পরিচয় দিয়ে প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই পিছনে ফেলে দেন। দুই বিভাগের মোট উত্তোলনে তিনি সোনার পদক নিশ্চিত করেন।
স্ন্যাচ ইভেন্টে প্রথম চেষ্টায় ৮২ কেজি ভার তুলতে গিয়ে ব্যর্থ হন মীরাবাই চানু। দ্বিতীয় চেষ্টায় একই ভার তুলে ৪৮ কেজি বিভাগে কমনওয়েলথে নতুন রেকর্ড গড়েন তিনি। তৃতীয় চেষ্টায় ৮৫ কেজি ভার তুলে নিজের রেকর্ড নিজেই ভাঙেন চানু।
ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে প্রথম চেষ্টায় ১০৫ কেজি তুলতে গিয়ে সফল হন নি। দ্বিতীয় চেষ্টায় সাফল্য আসে এবং কমনওয়েলথে রেকর্ড করেন। সব মিলিয়ে চানু তুলেছেন ১৯০ কেজি ওজন। এটাও রেকর্ড। এদিন চারটি রেকর্ড গড়ে সোনার পদক গলায় ঝুলিয়ে দেশের গৌরব বাড়িয়ে কমনওয়েলথ ভিলেজে ফেরেন তিনি।
সোনা জিতে আবেগ ধরে রাখতে পারেন নি চানু। গলায় সোনার পদক। ভিক্ট্রি স্ট্যান্ডে সবার উপরে দাঁড়িয়ে মীরাবাই চানু। ভারতের জাতীয় সঙ্গীত বাজছে। জাতীয় পতাকার দিকে চোখ রেখে কেঁদে ফেলেন দেশের এই সেরা ভারত্তোলক। এই দৃশ্য দেখে ভারতীয়দের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেরই চোখে জল চলে আসে।
মীরাবাইয়ের এই সাফল্য কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া ভারতীয় টিমের উদ্দীপনা নিঃসন্দেহে আরও বাড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে চোট এবং ফিটনেস সমস্যার সঙ্গে লড়াই করেও দমে যান নি মণিপুরের কন্যা। কমনওয়েলথ গেমসে আবার সোনা জিতে চানু প্রমাণ করলেন বিশ্ব সেরা মহিলা ভারোত্তোলকদের মধ্যে তিনি অন্যতম।
২০২০-র টোকিও অলিম্পিকে মহিলাদের ৪৯ কেজি বিভাগে রূপা জিতেছিলেন মীরাবাই চানু। ২০২১ সালে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ৪৯ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে ১১৯ কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড করেছিলেন মীরাবাই।
২০১৪-র কমনওয়েলথ গেমসে রূপা জিতে কমনওয়েলথে চানুর পদক জয়ের অভিযান শুরু হয়েছিল। মীরাবাই চানু ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস এবং ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও সোনার পদক জিতেছিলেন। চার বছর পর ২০২৬-এর গ্লাসগো কমনওয়েলথ গেমসেঝ সোনা জিতে নিয়ে হ্যাটট্রিক করলেন তিনি। মহিলা ভারোত্তোলনে চানুকে টেক্কা দেওয়ার মতো দ্বিতীয় কেউ এখনও ভারতে তৈরি হয় নি।
চতুর্থ দিনে চানুর সোনা জয়ের দৌলতে কমনওয়েলথ গেমসের পদক তালিকায় ভারত সাত নম্বরে উঠে এসেছে। এখনও পর্যন্ত একটি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছে ভারত।
Feature image: collected.