স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কিছু ফাইনাল শুধু একটি কাপ দখলের চূড়ান্ত ম্যাচ নয়, বরং দুটি যুগ, দুটি দর্শন এবং দুটি ফুটবল সংস্কৃতির সংঘর্ষের ঘটনা হয়ে দাঁড়ায়। ২০২৬ বিশ্বকাপের ফাইনালও ঠিক তেমনই। একদিকে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মঞ্চে আজ নির্ধারিত হবে- বিশ্বফুটবলের নতুন চ্যাম্পিয়ন কে?
আর্জেন্টিনার কাছে এই ফাইনাল শুধুই আরেকটি ট্রফির লড়াই নয়। এটিই হতে পারে ফুটবলের ঈশ্বর লিওনেল মেসির অবিশ্বাস্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পর আরও একবার ফুটবলের সর্বোচ্চ মঞ্চে দাঁড়িয়ে ইতিহাসকে নতুন করে লেখার সুযোগ মেসির সামনে, যা পারেন নি কিংবদন্তি মারাদোনাও।

অন্যদিকে স্পেন এসেছে সম্পূর্ণ ভিন্ন একটি পরিচয় আর ফুটবল ব্যাকরণ নিয়ে। বল দখল, দ্রুত পাস, সংগঠিত প্রেসিং এবং তরুণদের নির্ভীক ফুটবল-এই দর্শনেই পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষকে নিকেশ করেছে তারা। বিশেষ করে ১৯ বছরের লামিনে ইয়ামাল ফুটবল বিশ্বের নতুন প্রজন্মের প্রতীক হয়ে উঠেছেন। একদিকে প্রবীণ মেসির অভিজ্ঞতা, অন্যদিকে ইয়ামালের তারুণ্য- এই দ্বৈরথই ফাইনালের সবচেয়ে বড় আকর্ষণ!

পুরো টুর্নামেন্টে স্পেনের রক্ষণ ছিল সবচেয়ে শক্তিশালী অস্ত্র, বলা যায় প্রায় দুর্ভেদ্য। খুব কম সুযোগ দিয়েই তারা প্রতিপক্ষকে বক্সে আটকে রেখেছে। বিপরীতে আর্জেন্টিনার নড়বড়ে ডিফেন্স বারবার আলোচনায় উঠে এসেছে এবং প্রত্যেকটি ম্যাচেই কঠিন পরিস্থিতি থেকে ফিরে এসে ম্যাচ জিতেছেন মেসিরা। নড়বড়ে ডিফেন্স সত্বেও চাপের মুখে স্নায়ু শান্ত রেখে খেলে শেষ পর্যন্ত ম্যাচ বের করে নিয়েছে আর্জেন্টিনা। বড় ম্যাচে মানসিক দৃঢ়তা এবং অভিজ্ঞতার দিক থেকে আর্জেন্টিনা স্পেনের থেকে কিছুটা হলেও এগিয়ে।
মাঝমাঠের লড়াইটিও হতে পারে আজকের ম্যাচের ভাগ্য নির্ধারণকারী। স্পেন যদি মাঝমাঠে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারে, তাহলে তারা ম্যাচের রাশ নিজেদের নিয়ন্ত্রণে রাখবে। কিন্তু আর্জেন্টিনা যদি দ্রুত ট্রানজিশন এবং কাউন্টার আক্রমণে সফল হয়, তাহলে স্পেনের রক্ষণও কঠিন পরীক্ষার মুখে পড়বে।
এই ফাইনালকে অনেকেই দেখছেন পুরোনো রাজা বনাম নতুন যুবরাজের প্রতীকী লড়াই হিসেবে। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। অন্যদিকে স্পেন চাইছে ২০১০ সালের পর আবার বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ফিরে পেতে।
পরিসংখ্যান, কৌশল কিংবা সাম্প্রতিক ফর্ম- সব বিশ্লেষণের পরও বিশ্বকাপ ফাইনাল শেষ পর্যন্ত আবেগ ও স্নায়ুর লড়াই। এবং এক মুহূর্তের কোনও জাদুতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। সেই জাদু আজ কার পায়ে ধরা দেবে—মেসির, নাকি ইয়ামালের? নাকি অন্য কারও পা ছিনিয়ে আনবে তাঁর দেশের জন্য বিশ্বকাপ? উত্তর মিলবে ৯০ মিনিট, অতিরিক্ত সময় অথবা টাইব্রেকারের শেষে। ফুটবল বিশ্ব অপেক্ষায় সেই মহারণের।
Feature graphic is representational and AI generated.