শুভেন্দুর দরবারে ফুটপাতে দুধ জ্বাল দেওয়া সেই মহিলা! মমতার খপ্পরে না পড়ায় ফুটপাতবাসিনীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর


পার্ক স্ট্রিটের ফুটপাতে থাকেন সীতাদেবী। ফুটপাতের উপর স্টোভ জ্বালিয়ে শিশু সন্তানের জন্য দুধ গরম করার সময় মন্ত্রী অগ্নিমিত্রার নজরে পড়ে যান তিনি। গাড়ি থেকে নেমে সীতাদেবীকে বকাঝকা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী। সেই দৃশ্য ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় বয়ে যায়। রাজনৈতিক মহলেও চাপানোতর শুরু হয়। দরিদ্র ফুটপাতবাসিনীর সঙ্গে অগ্নিমিত্রা অমানবিক, অসংবেদনশীল ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন অনেকেই। সোমবার এটা নিয়ে মুখ খোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌ও।

সামাজিক মাধ্যমে লাইভে এসে মমতা বলেন, “মা দুধ ফোটাচ্ছেন বাচ্চার জন্য। তাঁর থাকার জায়গা নেই, অসহায়। অসহায় মানুষের আগে থাকার জায়গা করুন। আমরা অনেক রাত্রিনিবাস করেছিলাম। দুধ ফেলে দিতে খারাপ লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ অনেক বড়।” মমতা আর‌ও বলেন, “পরিবারটি চাইলে, আমি ওঁদের দায়িত্ব নিতে রাজি। আমাদের কোন‌ও সহকর্মীর বাড়িতে ওঁদের থাকা, বাচ্চাদের পড়াশোনা, খাবারের ব্যবস্থা করব আমি।” মমতার বক্তব্য কানে যাওয়া মাত্র‌ই নবান্ন থেকে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, “উনি ওঁর বাড়িতে রাখছেন না কেন? নিয়ে যান। তবে ওই মহিলা রাজি হলে তো!”

ভিডিয়ো: সল্টলেকে জনতার দরবারে পার্ক স্ট্রিটের ফুটপাতবাসিনী সীতাদেবীর সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংগৃহীত ফুটেজ।

সীতাদেবী কালীঘাটে মমতার বাড়িতে না গিয়ে মঙ্গলবার দুপুরে বাচ্চা কোলে নিয়ে সল্টলেকে মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হন। সীতাদেবীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।‌ তাঁর বাচ্চাটিকে আদর করে দেন। মুখ্যমন্ত্রী ওই মহিলাকে থাকার স্থায়ী ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। পরে এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, “মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে ওই মহিলাকে বলেছেন, টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। কিন্তু মহিলা রাজি হন নি। সীতাদেবী বললেন, মুখ্যমন্ত্রীকে ভরসা করি, বিজেপিকে ভরসা করি। মমতার চক্করে নেই।” শুভেন্দু বলেন, “আমি সীতাদেবীকে বললাম, রাস্তায় থাকবেন না। ফুটপাত তো মানুষের চলাচলের জন্য। আপনার থাকার ব্যবস্থা করব।”

সীতাদেবীর মতো ভাসমান মানুষদের ব্যাপারে ৩৪ বছর ক্ষমতায় থেকে বামপন্থীরা এবং ১৫ বছর ক্ষমতায় থেকে তৃণমূল কিছু করতে পারে নি বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। পার্ক স্ট্রিটে ফুটপাতের উপর সীতাদেবীকে দুধ গরম করতে দেখে মেজাজ হারিয়ে ছিলেন অগ্নিমিত্রা পল। তা নিয়ে সামাজিক মাধ্যমে শোরগোল ওঠায় সোমবার লাইভে এসে জবাব দেন মন্ত্রী। অগ্নিমিত্রা বলেন, “অনাবশ্যক সমালোচনা করবেন না। হ্যাঁ, আমি হয়তো চিৎকার করে বলেছি। আমার একটু নরমভাবে বুঝিয়ে বলা দরকার ছিল। ফুটপাত হাঁটাচলার জন্য, বসবাসের জন্য নয়।”

Feature Image: NNDC.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nagariknewz.com