রাজগঞ্জ: দলের টিকিট না পেয়ে ক্ষোভে ফুঁসছেন চারবারের বিধায়ক। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ (এসসি) সংরক্ষিত আসনে এবার খগেশ্বর রায়কে বাতিলের খাতায় ফেলে দিল তৃণমূল কংগ্রেস। এই আসন থেকে পরপর চারবার নির্বাচিত হয়েছেন খগেশ্বর। বর্তমান বিধায়ক খগেশ্বর রায়ের পরিবর্তে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে এশিয়াডে সোনা জয়ী অ্যাথলেট স্বপ্না বর্মনকে প্রার্থী করেছে তৃণমূল। মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাড়িতে দলের প্রার্থীতালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় নিজের নাম দেখতে না পেয়েই রাগে-দুঃখে চোখে জল চলে আসে খগেশ্বরবাবুর।
দল তাঁর প্রতি অবিচার করেছে, এই অভিযোগে জলপাইগুড়ি জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন খগেশ্বর রায়। দলের প্রার্থী তালিকা প্রকাশের পর মুষড়ে পড়েছেন খগেশ্বরের অনুগামীরাও। খগেশ্বর রায় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন, “শুধু আমি একা নয়, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে দলের সকল পদাধিকারী পদত্যাগ করবেন।” বিধায়ক খগেশ্বর রায় জলপাইগুড়ি জেলার আদি তৃণমূলীদের মধ্যে অন্যতম। তৃণমূলের গোড়াপত্তনের দিন থেকেই দলের সঙ্গে তিনি। এদিন খগেশ্বরবাবু বলেন, “১৯৯৮ সালে দিদি যখন কংগ্রেস ত্যাগ করে নতুন দল তৃণমূল তৈরি করেন, তখন আমি ও আরও কয়েকজন দলে এসেছিলাম।”
২০০১ সাল থেকে টানা রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী খগেশ্বর রায়। ২০০৬-এও ঘাসফুল প্রতীকে দাঁড়িয়ে হেরেছেন। কিন্তু ২০০৯-এর উপনির্বাচনে বামদুর্গ রাজগঞ্জে সিপিএম প্রার্থীকে ১৫ হাজার ভোটে হারিয়ে জীবনে প্রথমবারের মতো বিধানসভায় প্রবেশ করেছিলেন খগেশ্বর। ২০১১ থেকে ২০২১- রাজগঞ্জ থেকে টানা জিতেছেন খগেশ্বর রায়। কিন্তু ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের এই পোড়খাওয়া নেতাকে টিকিট দিল না তৃণমূল। দলের মনোনয়ন না পেয়ে মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন খগেশ্বর রায়। তিনি বলেন, “আজকে আমি টাকার কাছে হেরে গেলাম। নিশ্চয় দলেরই কোনও নেতা এত টাকা ঢেলেছে যে দল আমার প্রতি অবিচার করতে দুইবার ভাবল না! তৃণমূলে যে বেশি টাকা দেয়, সেই টিকিট পায়।”
স্বপ্না বর্মনকে দল প্রার্থী করায় রাজগঞ্জ আসনে এবার তৃণমূল হার নিশ্চিত বলে দাবি করেছেন খগেশ্বর রায়। খগেশ্বরবাবু বলেন, “রাজগঞ্জে দল তৈরি করেছি আমি। দলের ভিত আমার হাতে তৈরি। যে কোনও দিন তৃণমূল দলটাই করল না, আজকে আমার বিধানসভায় তাঁকে এনে দাঁড় করিয়ে দেওয়া হল। কাজেই দল হারবে, হারবে, হারবে।”
জলপাইগুড়ি সদর বিধানসভা আসনে এবার তৃণমূলের প্রার্থী জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস এসসি ও ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস। কৃষ্ণ দাসের সঙ্গে খগেশ্বর রায়ের সুসম্পর্কের কথা জেলার রাজনৈতিক মহলের অজানা নয়। রাজগঞ্জ আসনে স্বপ্না বর্মনকে তৃণমূলের প্রার্থী করার পিছনে কৃষ্ণ দাসের প্রভাব আছে বলে গুঞ্জন। দলের মনোনয়ন বঞ্চিত খগেশ্বর রায় জলপাইগুড়ি জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন। খগেশ্বরের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়। রাজগঞ্জ আসনে এখনও প্রার্থী ঘোষণা করে নি বিজেপি। চারবারের বিধায়ককে কি ঘোড়া বদল করে ভোট রণাঙ্গনে নামতে দেখা যাবে?
Feature Image: NNDC.