পানিহাটিতে বিজেপির প্রার্থী অভয়া জননী, অভয়ার মাকে ভবানীপুরেও প্রচারে চান শুভেন্দু

পানিহাটিতে বিজেপির প্রার্থী অভয়া জননী, অভয়ার মাকে ভবানীপুরেও প্রচারে চান শুভেন্দু


পলিটিক্যাল ডেস্ক: পানিহাটি বিধানসভা কেন্দ্রে অভয়ার মাকেই প্রার্থী করেছে বিজেপি। বৃহস্পতিবার অভয়ার পানিহাটির বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভয়ার জননী পানিহাটিতে দলের প্রার্থী হ‌ওয়ায় শুধু পানিহাটির জনগণ‌ই নয়, গোটা বাংলার মানুষ তাঁর পাশে থাকবেন বলে মনে করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, যাঁরা অভয়া বোনকে ও তাঁর পরিবারকে ন্যায়বিচার পাইয়ে দিতে রাজপথে আন্দোলন করেছিলেন, তাঁদের প্রত্যেকের সমর্থন-সহযোগিতা আছে অভয়ার মায়ের এই লড়াইয়ের প্রতি।

অভয়ার বাড়িতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা সাংবাদিকদের বলেন, “কোনও সঙ্কীর্ণ রাজনৈতিক স্বার্থে অভয়ার মা প্রার্থী হন নি। বরং অভয়ার মর্মান্তিক পরিণতিকে ঘিরে সত্য ধামাচাপা দিতে যারা ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল, তাদের ক্ষমতা থেকে উৎখাত করতেই দিদি ভোটে দাঁড়িয়েছেন।” শুভেন্দু অভিযোগ করেন, “সিবিআই অভয়া মামলা হাতে নেওয়ার আগে পাঁচদিন ধরে বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ, অতীন ঘোষ ও নির্মল ঘোষ মমতা ব্যানার্জির প্রত্যক্ষ নির্দেশে ঘটনার প্রমাণ লোপাটের কাজ করে গেছেন।” উল্লেখ্য, আরজি করে অভয়াকান্ডের সময় কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন বিনীত গোয়েল।

বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেন, “অভয়ার প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চক্রান্তের অন্যতম খলনায়ক বিনীত গোয়েলের হয়ে সুপ্রিম কোর্টে যিনি স‌ওয়াল করেছিলেন, সেই মেনকা গুরুস্বামীকে তৃণমূল কংগ্রেস পুরস্কার দিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে।” শুভেন্দু অধিকারী পানিহাটিতে অভয়ার বাবা-মার সামনে দাঁড়িয়ে অভিযোগ করেন, “অভয়ার দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করার সুযোগ না দিয়েই পুলিশ তড়িৎগতিতে দেহ সৎকার করেছিল।”

শুভেন্দু বলেন, “সেদিন সজল ঘোষ, কৌস্তভ বাগচী ও অগ্নিমিত্রা পাল সহ বিজেপির লোকেরাই এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন।” তিনি অভিযোগ করেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ সেদিন অভয়ার দেহ জোর করে ছিনিয়ে এনেছিল। বাড়ির লোকের সম্মতি ছাড়াই পানিহাটি শ্মশানে অভয়ার দেহ নিয়ে গিয়েছিল পুলিশ। শ্মশানে সিরিয়াল নম্বর ভেঙে বৈদ্যুতিক চুল্লিতে তড়িঘড়ি অভয়ার দেহ পুড়িয়ে ছাই করে পুলিশকে দিয়ে প্রমাণ লোপাট করেছিল মমতার সরকার।”

বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ায় অভয়ার মায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু মনে করেন, অভয়া জননীর নির্বাচনে লড়াইটা অভয়াকান্ডের প্রমাণ লোপাটের মূল ষড়যন্ত্রকারীকে উৎখাতের জন্য। বিচার চেয়ে রাস্তায় নেমে পুলিশের হাতে মার পর্যন্ত খেয়েছেন তিনি। বিরোধী দলনেতা বলেন, “অভয়াকান্ডের প্রমাণ লোপাটের চক্রান্তকারীদের মূল মাথা একজন‌ই। প্রমাণ লোপাটকারী বিনীত গোয়েলকে সুপ্রিম কোর্টে বাঁচানোর মূল কারিগরকে যিনি রাজ্যসভায় পাঠিয়েছেন, সেই মমতা ব্যানার্জিকে ও মমতার সরকারকে পরাস্ত করার লক্ষ্যেই বিজেপির প্রার্থীপদ স্বীকার করেছেন অভয়া জননী।”

অভয়ার মা পদ্ম প্রতীকে পানিহাটি থেকে রেকর্ড মার্জিনে জিতবেন বলে আশাবাদী শুভেন্দু। তিনি বলেন, “পানিহাটির বিজেপি প্রার্থী এমন রেকর্ড মার্জিনে জিতবেন যে স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে কেউ তা চোখে দেখে নি।” শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও ভোটে লড়ছেন দলের নির্দেশ মেনে। ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সম্মুখ সমরে বিরোধী দলনেতা। অভয়ার মায়ের কাছে শুভেন্দু অধিকারীর অনুরোধ, “পানিহাটিতে সময় দেওয়ার পরে ভবানীপুরেও আপনাকে অন্তত এক-দু’বার হলেও প্রচারে যেতে হবে।”

Feature image: NNDC.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *